সাংবাদিককে মারধর করায় সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

আর্থনিউজ২৪: শাহবাগে সাংবাদিককে মারধর করায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার রাতে শাহবাগ মোড়ে পুলিশের তল্লাশি চৌকিতে ছবি তোলার সময় বেসরকারি টেলিভিশনের রিপোর্টার নূরে আলম এবং ক্যামেরা পারসন মো. দিদারকে মারধর করেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও চড়াও হন তারা। পরে দুজনকে ধরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুজনের পরিচয় যাচাই করে দেখেছি। একজন সাভার থানায় নিয়োজিত শিক্ষানবিশ এএসপি মশিউর রহমান। আরেকজন সাবেক ছাত্রলীগ নেতা খায়রুল বাশার। মোটরসাইকেল আরোহীরা মাতাল অবস্থায় ছিলেন বলেও জানান এই কর্মকর্তা। একজন ‘একটু বেশি মাতাল’ ছিলেন বলে জানান ওসি।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে ‘প্রেস’ লেখা একটি মোটর সাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশির জন্য থামায় পুলিশ। এ সময় সেখানে থাকা এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নূরে আলম ছবি তুলতে গেলে তাকে মারধর করেন মোটরসাইকেলের দুই আরোহী।

এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলে জানা গেছে।

এদিকে শুক্রবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে শাহবাগের ঘটনা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। মন্ত্রী তার সঙ্গে থাকা পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হককে এর উত্তর দিতে বলেন।

শহীদুল হক বলেন, “ঢাকা জেলার পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ