গত ০৫ই ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের মুসলিম এডুকেশান সোসাইটি হল এ স্বাধীন বাংলাদেশ এর প্রথম চলচিত্রের পরিচালক মোস্তফা মেহমুদকে সংবর্ধিত করে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করা সংগঠন সাত্ত্বিক। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সন্তান মোস্তফা মেহমুদ। তিনি স্বাধীন বাংলার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে প্রায় ১৫টি সফল ছবির নির্মাতা। বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের হাত ধরে তার চলচ্চিত্র জগতে তার আগমন ঘটে। এর পর স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মানুষের মন সহ ১৫টি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তার সর্বশেষ চলচ্চিত্র ১৯৮২সালে মুক্তি পাওয়া স্বামীর সোহাগ। এর পর তিনি উক্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘ ১৩ বছর গার্মেন্টস ব্যবসায় নিয়োজিত থাকার পর চলে আসেন নিজ গ্রামে। এর পর থেকে মিরসরাইতে বসবাস শুরু করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সাত্ত্বিক এবং চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সদস্যরা। এর পর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাক্তার মাহফুজুর রহমান তার হাতে ক্রেস্ট তুলে দেন। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের চেয়ারম্যান শৈবাল চৌধুরী তাকে উত্তরীয় পরিয়ে দেন।
স্বাগত বক্তব্যে সাত্ত্বিকের সাধারণ সম্পাদক মিনহাজ হোসাাইন বলেন, “আমরা অপরাধবোধ করছি যে, উনার মতো গুণীজনের খোঁজ নিতে খুব বেশি দেরী করেছি। স্যারকে সম্মান জানাতে পেরে সাত্ত্বিক খুবই গর্ববোধ করছে।”
শৈবাল চৌধুরী বলেন, “আমার খুব ইচ্ছে ছিল উনার সাথে ছবি তুলব। আমি উনার সবগুলো ছবি দেখতাম। জহির রায়হান, আমজাদ হোসেন, রহিম নেওয়াজ, নুরুল হক বাচ্চু, আলমগীর কুমকুম এবং মোস্তফা মেহমুদ স্যাররা হলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক একটি উজ্জ¦ল নক্ষত্র। দেশ স্বাধীন হওয়ার আগে প্রতিকুল অবস্থায় উনারা যেসব ছবি নির্মাণ করেছেন পরবর্তী প্রজন্ম স্বাধীনতার পরেও তা করতে ব্যার্থ হয়েছে। সাত্বিককে ধন্যবাদ জানাচ্ছি যে কাজটি আমাদের করার উচিত ছিল তারা তা করে দেখিয়েছে।”
মোস্তফা মেহমুদ বলেন, “এত বছর পর মানুষ আমাকে মনে রেখেছে এটা ভেবেই আমি সম্মানিত বোধ করছি। বর্তমানে বাংলা চলচ্চিত্র উন্নতি করতে হলে ভালো গল্পের বিকল্প নেই। আমার এই বয়সে আমি আরেকটি ছবি নির্মানের সাহস করছি। যেটি এখন সরকারী অর্থায়নে নির্মানের জন্য তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি।”
মুক্তিযুদ্ধের গবেষক ডাক্তার মাহফুজুর রহমান বলেন, “বর্তমানে যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছে তাদের উচিত উনার মতো গুণী ব্যাক্তিত্বকে ব্যবহার করা। আমি এটা যেনে খুব গর্ববোধ করছি যে, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান।”
এ সময় সাত্ত্বিক ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সদস্যরা ছাড়াও চট্টগ্রামের চলচ্চিত্র প্রেমী অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাত্ত্বিক এর সভাপতি সঞ্জয় বিশ্বাস।






















