লামায় উদ্ধার চট্টগ্রামে চুরি হওয়া ৫ সিএনজি

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

চট্টগ্রাম হতে চুরি হওয়া ৫টি সিএনজি বান্দরবানের লামা থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম পাচঁলাইশ থানা ও লামা থানা পুলিশের একটি চৌকস দল। গত মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে লামা বাজারের দর্জি দোকানদার মোঃ মোজাম্মেল থেকে ১টি, মুদি দোকানদার মাইকেল আইচ্ থেকে ২টি, হার্ডওয়ার দোকানদার মোঃ রিদুয়ান থেকে ১টি ও মোঃ জাহেদ পিতা কামাল মাঝি থেকে ১টি সিএন্ডজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিএন্ডজি ৫টি ও গাড়ী চোর গ্রুপের অন্যতম সদস্য মোঃ আজাদ কে গ্রেফতার করে নিয়ে যায় পাচঁলাইশ থানা পুলিশ। লামা ও পাচঁলাইশ থানার অফিসার ইনচার্জ দ্বয় সিএন্ডজি উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী অফিসার পাচঁলাইশ থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চোরাই সিন্ডিকেট চট্টগ্রাম মহানগরী সহ আশপাশের থানা থেকে সিএন্ডজি চুরি করে আসছে। মাস দু’য়েক আগে চট্টগ্রামের পাচঁলাইশ এলাকার মোস্তাক আহমদ নামক এক ব্যবসায়ীর একটি সিএন্ডজি চুরি হলে পাচঁলাইশ থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৫, তারিখ ৭ ডিসেম্বর ২০১৫ইং। মামলার আসামীরা হল ড্রাইভার মোঃ খলিল ও তার জিম্মাদার মোঃ দুলাল। পুলিশ এই দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে একে একে বের হয়ে আসে একাধিক গাড়ী চুরির চাঞ্চল্যকর সব তথ্য। খলিলের দেয়া তথ্যের সূত্র ধরে পাচঁলাইশ থানা পুলিশ গাড়ী চুরি সিন্ডিকেটের সদস্য মোঃ সাহাবুদ্দিন(৩৫) কে সীতাকুন্ড ও মোঃ মনির(৪৫) কে ভোলা থেকে গ্রেফতার করে।

এই দু’জনের থেকে ফোন নম্বর সংগ্রহ করে এবং তাদের সহায়তায় ভোলার বাসিন্দা আব্দু জব্বারকে ঢাকা মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। জব্বার কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় নোয়াখালী বেগমগঞ্জ থানাধীন লন্ডন বাজারে চোরাই সিএন্ডজি গুলো আছে। প্রাপ্ত তথ্যমতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লন্ডনবাজারে অভিযান চালিয়ে শামসুদ্দিনের গেরেজ থেকে ৩টি চোরাই সিএন্ডজি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সিএন্ডজি’র মধ্যে মামলার বাদী মোস্তাক আহমদ-এর হারিয়ে যাওয়া সিএন্ডজিটি না থাকায় গেরেজ মালিক শামসুদ্দিনকে পুণরায় জিজ্ঞাসাবাদ করলে জানা যায় বাকী গাড়ী গুলো বান্দরবানের লামা বাজারে আছে।

গাড়ী চোরাই সিন্ডিকেটের আটককৃত সাহাবুদ্দিন, মনির ও জব্বার কে লামার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলে তাদের আরেক সহযোগী শাহজাহান(৪৫) লামার সকল তথ্য জানে। শাহজাহান বর্তমানে নারায়নগঞ্জে আছে। তাদের সহায়তায় নারায়ণগঞ্জ থেকে শাহজাহানকে আটক করে শাহজাহানকে নিয়ে ১৯ জানুয়ারী মঙ্গলবার লামা থানার সহযোগিতায় লামা বাজারের অভিযান চালিয়ে গাড়ী চোরের অন্যতম আরেক সদস্য মোঃ আজাদকে গ্রেফতার করে তার মাধ্যমে ৫টি চোরাই সিএন্ডজি উদ্ধার করে। লামায় সিএন্ডজি গুলো দর্জি ব্যবসায়ী খলিফা মোঃ মোজাম্মেল থেকে ১টি, মুদি দোকানদার মাইকেল আইচ্ থেকে ২টি, হার্ডওয়ার দোকানদার মোঃ রিদুয়ান থেকে ১টি ও মোঃ জাহেদ পিতা কামাল মাঝি থেকে ১টি সিএন্ডজি উদ্ধার করা হয়। চোরাই সিএন্ডজি ক্রয় করা এবং রাখার দায়ে বর্ণিতদের বিরুদ্ধে পাচঁলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে বৈধ সিএন্ডজি মালিকগণ লামার চোরাই সিএন্ডজি ক্রয়কৃতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, চোরাই সিএন্ডজি রাখার দায়ে লামা থানা ৫জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলে রহস্যজনক কারণে ৪জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় জনসাধারণ। লামা থানার পুলিশের উপ-পরিদর্শক রবিউল হোসেন ৫জনকে থানায় নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ