‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত পবিত্র মিনা প্রাঙ্গণ

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাখ লাখ মুসল্লির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত পবিত্র মিনা প্রাঙ্গণ। স্থানীয় সময় বুধবার ভোর পর্যন্ত সেখানে অবস্থান করবেন হাজিরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান। বিশ্বের বৃহত্তম এই জমায়েতে রয়েছেন লক্ষাধিক বাংলাদেশিও। হজ উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সৌদি আরব।

কন্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি। শুরু হয়েছে আধ্যাত্মিক সফরের। মিনায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান।

গুনাহ থেকে মুক্তি আর আল্লাহর সন্তুষ্টি লাভে আর্থিকভাবে স্বচ্ছল ও শারীরিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক। এই দিনটির জন্যই যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন মুসল্লীরা।

হজের অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত তারা মিনায় অবস্থান করবেন।  সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে।

বুধবার সুর্যোদয়ের পর মিনা  থেকে আরাফাতের উদ্দেশে যাত্রা শুরু  করবেন হাজিরা। সেখানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর সুর্যাস্তের পর  মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করবেন।

মুজদালিফায় পৌঁছে আবারো এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে  সেখানেই খোলা আকাশের নিচে রাতযাপন করবেন হাজিরা।

হজ উপলক্ষ্যে, এবার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদী কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ