“লক্ষাধিক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে”

বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইসঙ্গে নির্ধারিত সময়ে নবায়ন ফি না দেয়ায় গত অর্থবছরে লক্ষাধিক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজী কেরামত আলী ও কামাল আহমেদ মজুমদারের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। কিছু অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। কোন কোন ক্ষেত্রে মামলাও করা হয়েছে। ২০১১ সালের ২৩ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত একটি মামলার রায় ঘোষিত হয়। আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর আওতায় সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেয়া ছাড়াও অর্থদণ্ড দেন। এছাড়া সিঙ্গাপুর থেকে ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুর ডলার ফেরত আনা হয়েছে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিনিয়োগ কমেনি বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতে মোট বিনিয়োগের পরিমাণ ২০১১ সালের জুন পর্যন্ত ২ হাজার ৫১১ দশমিক ৩ বিলিয়ন টাকা যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ২০১৫ সালের জুন শেষে (সাময়িক তথ্য অনুযায়ী) ৪ হাজার ৩৮৪ দশমিক ৪ বিলিয়নে দাঁড়িয়েছে। ২০১১ সালের জুনে দেশে মোট বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির ২৭ দশমিক ৪ শতাংশ যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলতি বছরের জুন শেষে জিডিপির ২৯ দশমিক ০ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংকিং খাতে তারল্য বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তারল্য উদ্ধৃতের পরিমাণ ২০১১ সালের জুন শেষে ছিল ৩৪০ দশমিক ৭১ বিলিয়ন টাকা। ২০১৫ সালের জুন পর্যন্ত দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ দশমিক ৫১ বিলিয়ন টাকা এবং আগস্ট ২০১৫ শেষে ১ হাজার ১৬৯ দশমিক ৪২ বিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।

মো. মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ১৫ বছরে ব্যাংকে গচ্ছিত জনগণের আমানত আট গুনেরও বেশি বেড়েছে। তিনি জানান, ২০০০-০১ অর্থ বছরে ব্যাংকে গচ্ছিত জনগণের আমানতের পরিমাণ ছিলো ৮১ হাজার ৬০৪ দশমিক চার কোটি টাকা যা ২০১৪-১৫ অর্থ বছরে বেড়ে সাত লাখ ৪৬ হাজার ৩০০ দশমিক দুই কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে।

মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়েই সারাদেশে কর কার্যালয়কে উপজেলা পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে সারাদেশে বেশ কয়েকটি উপজেলায় কর কার্যালয় স্থাপন করা হয়েছে।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন দাতাদেশ/সংস্থার কাছ থেকে মোট ৯১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের কমিটমেন্ট পাওয়া গেছে। এরমধ্যে ৬১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৯ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার অনুদান। একই সময়ে ডিসবার্সমেন্ট হয়েছে ৬৪ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। তারমধ্যে ৩৯ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৫ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার অনুদান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ