রোহিত ভামুলা মৃত্যুর জেরঃ জোরালো হচ্ছে দিল্লির ছাত্রবিক্ষোভ

vamula বড় বিজ্ঞানী হতে চেয়েছিলেন রোহিত ভামুলা ।

কিন্তু ফেলোশিপ বাতিল করায় আত্মহননের পথ বেছে নেন রোহিত ভামুলা। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, ‘যা-ই হতে চাই না কেন, আমার কোনো অধিকার নেই। কারণ ভারতে আমার জন্ম হয়েছে দলিত হিসেবে। শুধু দলিত হওয়ার পথই আমার জন্য খোলা।’রোহিতের আগেও দলিত শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে। কিন্তু রোহিত সবাইকে দেখিয়ে দেন যে, বিশ্ববিদ্যালয়গুলোই স্বপ্নের মৃত্যুকূপ হয়ে উঠেছে।ঘটনাকে ঘিরে জেগে ওঠেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্ধিষ্ণু এ সংহতি ঠেকাতে প্রথমে মাঠে নামে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)। তারা অভিযোগ করেন, রোহিত ও তার সতীর্থরা একসময় ডানপন্থী ছাত্রকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ কারণে ২০১৫ সালের ৩ আগস্টের পর থেকে দলিত গবেষকদের সম্মানীর অর্থ স্থগিত ছিল। এদিকে হায়দরাবাদ পুলিশ ও ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টস এভিবিপির অভিযোগের সত্যতা চ্যালেঞ্জ করে। অন্যদিকে নিজেদের দাবির কারণে এভিবিপি আরো গভীর গর্তে তলিয়ে যায়। সবাই অভিযোগ করে, ডানপন্থী সংগঠনটির কারণেই একের পর এক ঘটনা ঘটেছে, যা রোহিতের মৃত্যু ডেকে এনেছে।

রোহিতের ঘটনায় দিল্লিসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ জমে উঠেছে। এ বিক্ষোভের জের ধরেই গ্রেফতার করা হয়েছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র নেতা কানহাইয়া কুমারকে।

তার গ্রেফতারের ঘটনা সামনে এনে আপাতত রোহিত ভামুলার আত্মহত্যাকে ধামাচাপা দেয়া গেছে। কিন্তু কানহাইয়াকে দেশদ্রোহী প্রতীয়মান করার চেষ্টা ব্যর্থ হলে পুরো বিষয়টি আবার সামনে চলে আসবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তা-ই ঘটতে যাচ্ছে।দ্য হিন্দু জানিয়েছে, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল মন্ডি হাউজ থেকে জন্তর মন্তর পর্যন্ত বিক্ষোভ করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে দিল্লির সাধারণ মানুষ। এর মধ্যে ছিলেন আম আদমি পার্টির বিদ্রোহী নেতা যোগেন্দ্র যাদভ, অভিনেত্রী সারা ভাস্কর, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাতসহ অনেক বিশিষ্টজন। আরো যোগ দিয়েছে দিল্লি ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) ছাত্র-শিক্ষক প্রতিনিধিরাও। বিক্ষোভ হয়েছে ভারতের আরো কিছু ক্যাম্পাসে। কানহাইয়া কুমারের গ্রেফতার এবং পাতিয়ালা হাউজ আদালতে তার ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে স্মারকলিপি দিয়েছে দলীয় ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টির প্রতিনিধিরা।পাতিয়ালা হাউজ আদালতে হামলার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রীয় সরকার আদালতকে দেখিয়ে দিয়েছে যে, আদালত যা-ই বলুন, তারা কাউকে পাত্তা দেয় না। বার কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট মনন কুমার শর্মা বলেছেন, কানহাইয়া কুমার ও সাংবাদিকদের বিরুদ্ধে হামলাকারী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।কানহাইয়া কুমারের আইনজীবীরা বলেছেন, তার জীবনের ওপর দৃশ্যমান হুমকি বিরাজ করছে। বিচারিক আদালতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভারতের সুপ্রিম কোর্টের কাছে জামিন চেয়েছেন জওহর লাল ইউনিভার্সিটির এ ছাত্রনেতা।

উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশে সুইসাইড নোট রেখে মৃত্যু পূর্বের তুলনায় বেড়েছে।শিক্ষার্থীদের মধ্যে এর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ