বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সহযোগিতা করতে ইন্টারপোলের একটি প্রতিনিধিদল এখন ঢাকায়।
আজ বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার আসা ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ব্রেড মারডেন।
মির্জা আব্দুল্লাহেল জানান, ইন্টারপোলের প্রতিনিধিদল বুধবার মালিবাগের সিআইডি কার্যালয় পরিদর্শন করে। সিআইডির রাসায়নিক ল্যাবে বিভিন্ন আলামতের পরীক্ষা শুরু করেছে।
মির্জা আব্দুল্লাহেল বলেন, মূলত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে কারা জড়িত তাদের শনাক্ত করতে এ রাসায়নিক পরীক্ষা করা হচ্ছে। প্রতিনিধিদলটির সঙ্গে সিআইডির বিশেষজ্ঞ দলও কাজ করছে।
গত ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮০০ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় দুর্বৃত্তরা। ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোর মাধ্যমে এ টাকা পাচার করা হয়।






















