আসন্ন পৌরসভা নির্বাচন বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। মানুষ ধানের শীষে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে।
রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি- বার্ষিক কাউন্সিল ও নির্বাচন-২০১৫ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকার নিজেদের পক্ষে যে জরিপের কথা বলছে তা সঠিক নয় দাবি করে খালেদা জিয়া বলেছেন, তাদের জরিপ ভরাডুবির জরিপ। সরকার কৌশলে ভুল করেছে। তারা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না।
তিনি আরো বলেন, এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে চ্যানেল ১, দিগন্ত ও ইসলামি টিভিসহ বেশ কিছু পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। আইসিটি অ্যাক্টের মাধ্যমে সরকার কালা কানুন চালু করে সাংবাদিকদের হুমকি দিচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে দেশের অনলাইন সংবাদপত্রগুলো বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তব্যে বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মামলা দিয়ে হয়রানির সমালোচনা করে বলেন, ‘তার (ফখরুল) বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।’ সর্বশেষ দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি না করে কারামুক্ত করার দাবি জানান তিনি।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় সাংবাদিক নেতা রিয়াজ রহমান, রুহুল আমিন গাজী, কবি আবদুল হাই শিকদার, শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসি মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিস্টার শাজাহান ওমর, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকী প্রমুখ।
























