শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে দিবস উপলক্ষে এক বাণীতে বলেন, ‘সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার।
শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা এবং তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিকাগো শহরে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাসমূহ চালু করেছেন। পোশাক শিল্পসহ ৩৮টি শিল্পখাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করেছেন। ইতিমধ্যে যুগোপযোগী ও আধুনিক করে শ্রম আইন প্রণয়ন করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫’ প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তার বাণীতে শ্রমিকদের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি মে দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
























