বিষয়বস্তু কুরুচিপূর্ণ, অশালীন, এই অভিযোগে ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবির প্রযোজক, পরিচালক, কাহিনীকারকে নোটিশ পাঠাল বম্বে হাইকোর্ট। জনস্বার্থে এই ছবি নিষিদ্ধ করতে কোর্টে পিটিশন দায়ের করেছিলেন জুবের খান নামে এক ব্যক্তি।
যদিও বিচারপতি এনএইচ পাতিল ও জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আজ ছবিটি রিলিজ হয়ে যাওয়ায় তা আর বন্ধ রাখা যায়নি। কোর্টের তরফে প্রযোজক একতা কপূর, শোভা কপূর, পরিচালক উমেশ ঘার্গে, কাহিনীকার মিলাপ জাভেরি ও মুস্তাক শেখ এবং মহারাষ্ট্র সরকার ও সেন্সর বোর্ডের কাছে নোটিশ পাঠানো হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি।
প্রসঙ্গত, জুবের খান এই ছবির বিষয়বস্তুকে কুরুচিকর ও অশালীন বলে কোর্টে পিটিশন দায়ের করেন। পিটিশনে দাবি করা হয়, ছবিটি দেশের সংস্কৃতি, মূল্যবোধের বিরোধী। ছবিটির ট্রেলর ও পোস্টারকেও অত্যন্ত অশালীন, অর্ধ-নগ্ন বলে দাবি করা হয়। জুবের জানিয়েছেন, সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদে’ ছবিটিও নিষিদ্ধ করার দাবিতে পিটিশন দায়ের করবেন তিনি।






















