মা-বাবার স্বপ্নকে নষ্ট করে কাউকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আয়োজিত শোকসভায় সাঈদ খোকন কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে কলেজ শাখা ছাত্রলীগ অডিটোরিয়ামে এই শোকসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে করে মেয়র বলেন, ‘রাজনীতি করবেন ঠিক আছে কিন্তু মা-বাবার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। মা-বাবার স্বপ্নকে নষ্ট করে কারো জন্যই রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি খুবই ভয়ঙ্কর জায়গা। রাজনীতির চোরাবালিতে পা দেওয়া যাবে না। যে চোরাবালিতে পা দিলে দেশ ও দেশের মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এমন চোরাবালিতে পা দিলে নিজে ও নিজের দেশের উভয়ের ক্ষতি হবে। যে পথে পা দিলে দেশ ও আওয়ামী লীগের উন্নয়ন হবে এমন পথে পা বাড়াতে হবে।’
সাঈদ খোকন আরো বলেন, ‘বাঙালি জাতির স্বাধীনতার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই করো সাথে আপস করেননি। বঙ্গবন্ধু নিজের পরিবারের দিকে লক্ষ না করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। ব্যক্তি মুজিবের মৃত্যু হতে পারে কিন্তু আদর্শের মৃত্যু হতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে তারই কন্যা দেশকে নেতৃত্ব দিচ্ছেন।’
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল কুদ্দুস, উপাধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খান শুভ। অনুষ্ঠানে পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
























