মার্কিন কোস্টগার্ডের গোয়েন্দা বিমান ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করেছে। স্থানীয় সময় রবিবার এই অভিযোগ আনা হয়। তবে মার্কিন সামরিক শাখা এই অভিযোগ নাকচ করে দিয়েছে।
ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো টেলিভিশনে দেয়া এক ভাষণে জানান, ড্যাশ-৮ নামের বিমানটি শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপ কুরাকাওয়ে অবস্থিত হ্যাটো রে ঘাঁটি থেকে উড্ডয়ন করে ক্যারিবীয় উপকূলের পশ্চিমাঞ্চলীয় লস মঞ্জেস দ্বীপপুঞ্জের কাছে ভেনিজুয়েলার আকাশসীমায় ঢুকে পড়ে।
তিনি বলেন, ঘটনাটির সবচেয়ে গুরুতর বিষয় হচ্ছে বিমানটি আকাশসীমা লঙ্ঘন করেছে এবং এটি আমাদের আকাশসীমা।
মার্কিন কোস্টগার্ড ভেনিজুয়েলার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কোস্টগার্ডের মুখপাত্র চিফ ওয়ারেন্ট অফিসার চ্যাড সেইলর বলেন, আমরা যতদূর জানি, ভেনিজুয়েলার আকাশসীমার যে স্থানটির ওপর দিয়ে বিমানটি উড়ে গেছে বলে দাবি করা হচ্ছে সেখানে কোন মার্কিন কোস্টগার্ড ছিল না।
তিনি আরো বলেন, যদি সেখানে কোন বিমান দেখা গিয়ে থাকে, তবে তা আমাদের নয়। ঐ এলাকায় মার্কিন কোস্টগার্ডের কোন বিমান ছিল না। খবর: এএফপি।
























