শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বঙ্গবন্ধু-সমতা-সাম্রাজ্যবাদ শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বলেন বাংলাদেশে কোথাও কেউ নিরাপদ নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত। কওমি মাদরাসা জঙ্গিবাদের উৎপাদন কেন্দ্র বলে মন্তব্য করেন তিনি।
মুক্তিযোদ্ধা ড. নূরন্নবীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংবাদিক হাসান ফেরদৌস, জাতিসঙ্ঘে নিযুক্ত অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, সাংবাদিক নিনি ওয়াহেদ, নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান।
এ সময় নিজের বইয়ের ওপর আলোচকদের বক্তব্য শেষে ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশ করেন অর্থনীতিবিদ আবুল বারাকাত।
সাম্প্রতিক ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার বিষয়টি তুলে ধরে বলেন, হুমায়ুন আজাদের ওপর রাস্তায় হামলা হয়েছে, তারপরে দিনেরাতে ঘরের ভিতরে হামলার ঘটনা দেখেছি। এখন কেউ কোথাও নিরাপদ নেই। পরিস্থিতি ভালো নেই। রাজধানী ঢাকাসহ কোথাও কোনো নিরাপত্তা নেই।
তিনি বলেন, রাজনৈতিকসঙ্কট নিরসনে যে ১৭ জন ব্যক্তি কয়েক মাস বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বচ্ছ নয়। তাদের আমি সুশীল সমাজ শ্রেণী বলি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে ড. আবুল বারাকাত বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদের কিছু একটা হলে দুইজন করে লোক মারা যাচ্ছে। আর আমরা যে যুদ্ধাপরাধের বিচার করছি। আমিতো এটাকে মশকারা মনে করি। দুটো ট্রাইব্যুনালের প্রতিটি বছরে পাঁচটি করে মামলা ডিসপোজাল করতে পারে। ট্রাইব্যুনালে সর্বমোট ৩৮৬টি মামলা আছে। এভাবে চলতে থাকলে যুদ্ধাপরাধের বিচার করতে ৫০০ বছর লাগবে। আমি ১০টি ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছি।
তিনি আরও দাবি করেন, বর্তমানে যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বলে দাবি করছেন তাদের দ্বারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা সম্ভব নয়।
























