মাতৃত্ব কালীন ছুটি শুনেছি তবে এবার পিতৃত্বকালীন ছুটিতে যাবেন ফেসবুকের মালিক, বয়স তাঁর ৩১। সিলিকন ভ্যালির অন্যতম হর্তাকর্তা তিনি। বিশ্বের বৃহত্তম সোশাল সাইটের মালিক। কিন্তু, তাতে কী? কাজ-ক্যারিয়ার তো আর ব্যক্তিগত জীবনের সুখের মুহূর্তকে কেড়ে নিতে পারে না। যেমন ভাবা, তেমন কাজ। মেয়ের জন্মের পর দু’মাসের পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে ঘোষণা করলেন ফেসবুকের মালিক মার্ক জ়ুকেরবার্গ।
স্ত্রী প্রিসিলা চ্যাং যে সন্তানসম্ভবা, সেকথা ফেসবুকে আগেই জানিয়েছিলেন গর্বিত বাবা জ়ুকেরবার্গ। এবার জানালেন, সদ্যোজাতের দেখভালের জন্য তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তবে, তাঁর অবর্তমানে এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব কে সামলাবেন, সে বিষয়ে অবশ্য সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
সংস্থার নিয়ম অনুযায়ী, ফেসবুকের মার্কিন কর্মচারীরা প্যারেন্টাল লিভ হিসেবে সবেতন চারমাস ছুটি পেয়ে থাকেন। রয়েছে আরও কিছু সুযোগসুবিধাও। এবার ফেসবুক CEO নিজে এই প্যাটারনিটি লিভ নিয়ে বিশ্বের অন্য শীর্ষস্থানীয় টেকিদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বলেই মত ওয়াকিবহাল মহলের।
এদিকে, ফেসবুকে জ়ুকেরবার্গ এই লিভ নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করতেই উপচে পড়ে লাইকস ও কমেন্টস। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই।























