ইউসুপ পাটোয়ারি, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস চাপায় সুমাইয়া আকতার (৬) নামের এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়েছে। শুক্রবার দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি মাদরাসার সামনে চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া আকতার বাইল্যাছড়ি এলাকার মো. আবু জাফরের একমাত্র মেয়ে এবং মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসা ও হেফজ খানার প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাইল্যাছড়ি মাদরাসার সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দ্রুতগতির শান্তি পরিবহন (চট্টমেট্টো-থ-১১-০২২৩) সার্ভিসের একটি বাস চাপা দিলে স্থলেই সে নিহত হয়। শিশুটিকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যাবার সময় গুইমারা থানা পুলিশ ঘাতক বাস ও তার চালক মো. রুবেল হোসেন (২৬) কে আটক করে।
এসময় উত্তেজিত জনতা বাইাল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে গাছ ও টেবিল-চেয়ার ফেলে সড়ক অবরোধ করে শান্তি পরিবহনের বেশ কয়েবকটি বাস ভাঙচুর করে। এতে ঘন্টাব্যাপী সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং যান চলাচল স্বাভাবিক করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে নিশ্চিত করেছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























