নিউজডেক্সঃ কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট। বৃহস্পতিবার মধ্যরাত। গভীর রাতেও জেগে আছে ঘাট। আজ দৃশ্যটা অন্য রকম। স্থাপিত হয়েছে টেলিস্কোপ। আশপাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং উৎসুক সাধারণ মানুষ। তারা টেলিস্কোপের মাধ্যমে গ্রহ দেখবেন। মনে উত্তেজনা।
টেলিস্কোপের পেছনে লাইন। একে একে দেখা গেল বৃহস্পতি, শনি, মঙ্গল এবং শুক্র গ্রহ। দেখা গেল চাঁদও। মধ্যরাত ভোরে গড়াল। গ্রহ দেখা আর শেষ হয় না। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কয়েকটি গ্রহ বর্তমানে বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে। কয়েকটি গ্রহ একসাথে দেখা একটি বিরল ঘটনা। গ্রহগুলো দেখা যায় মাঝরাতে। তাই রাতেই এই আয়োজন।
গ্রহ পর্যবেক্ষণের পাশাপাশি দর্শক-শ্রোতার উদ্দেশে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বিষয়ে বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর ও বিজ্ঞানী সুকল্যাণ বাছাড়। তিনি বিগ ব্যাং, মহাবিশ্বের বয়স, বর্তমান অবস্থা এবং তার পরিণতি নিয়ে কথা বলেন।
জাদুঘরের সহকারী কিউরেটর মাসুদুর রহমান তারা পরিচিতি এবং আকাশ পর্যবেক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।
টেলিস্কোপের মাধ্যমে গ্রহ পর্যবেক্ষণের আয়োজন করে স্কাই ওয়াচার্স ক্লাব ও সত্যেন বোস বিজ্ঞান চর্চা কেন্দ্র। এতে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।























