নরসিংদীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ২৮ আগস্ট সকাল ৮টার দিকে সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দক্ষিণ গংসাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চার জন।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুরের খামার শিমুলিয়া এলাকার মৃত আবদুল বাতেনের ছেলে আলতাফ হোসেন ভূঁইয়া (৬৫) এবং ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন। আলতাফ হোসেন ভূঁইয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দক্ষিণ গংসাদী এলাকার সাকোরার মোড়ে ঘোড়াশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিলেটগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থল থেকে ছয় জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অজ্ঞতনামা একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মারা যান। আহত অন্য চার ব্যক্তি হলেন শোভা (৩৫), হাসেম (৬০), পিয়াস (২৮) ও ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোখসানা বেগম জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। মৃত ঘোষণার পর তার নাম অন্তর্ভুক্ত না করেই, কাউকে কিছু না জানিয়ে লাশ নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলতাফ হোসেন ভূঁইয়া নামের একজন। আহত শোভা ও হাসেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন গুরুতর অবস্থায় এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ইউসুফ আহমেদ বলেন, ‘মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা একজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
























