নিজেকে গণধর্ষণের হাত থেকে বাঁচতে হাওড়ার লিলুয়ায় একটি দোতলা বাড়ির বারান্দা থেকে ঝাঁপ তরুণীর৷ প্রাণে বেঁচে গেলেও গুরুতর অবস্থায় ওই তরুণী হাসপাতালে ভর্তি৷
হুগলির রিষড়ার বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে নান্টু নামের এক বন্ধুর বাড়িতে ‘পার্টি’ করতে গিয়েছিলেন তিনি৷ পার্টিতে নান্টু ছাড়াও উপস্থিত ছিল তার আরও দুই বন্ধু৷ ওই পার্টিতে তরুণীকে মদ খাওয়ানোর অভিযোগে অভিযুক্ত তিন যুবক৷ তরুণী নেশাচ্ছন্ন হয়ে পড়লে তাঁকে গণধর্ষণের চেষ্টা করে ওই তিন অভিযুক্ত৷ ইজ্জত বাঁচাতে বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেন তরুণী৷ নিচে বালির স্তুপের উপর পড়ায় প্রাণে বেঁচে যান তিনি৷ স্থানীয় বাসিন্দারা শব্দ পেয়ে ছুটে এসে ওই আহত তরুণীকে উদ্ধার করেন ও পুলিশে খবর দেন৷
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজের বিশিষ্টরা৷ তাদের বক্তব্য, একটি মেয়ে যদি পুরুষবন্ধুর উপরে ভরসাই করতে না পারে, তাহলে কোন অভিমুখে এগিয়ে যাচ্ছে এই সমাজ? এই সমাজে পুরুষের চোখে মহিলারা কি কেবলই শরীর?
























