ব্যাটসম্যানদের যে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন টাইগার পরামর্শক মার্ক ও’নিল  

মাত্র এক মাসের চুক্তিতে বাংলাদেশে এসেছেন মার্ক ও’নিল। কাজ করছেন ব্যাটিং পরামর্শক হিসেবে। ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচ গুরুত্ব দিচ্ছেন ব্যাটসম্যানদের টেস্ট মানসিকতায়।

এক মাসে কতটুকু কাজ করতে পারবেন তা নিয়ে অবশ্য নিজেই সন্দিহান মার্ক ও’নিল। যদিও পারফরম্যান্স সন্তোষজনক হলে মেয়াদ বাড়তে পারে তার। এই প্রসঙ্গে ও’নিল বলেন, “এক মাসে কাজ করে স্থায়ী ছাপ রেখে যাওয়া কঠিন। ছোট ছোট দিক নিয়ে কাজ করা যায়। এটা আসলে অনেকটা ট্রায়ালের মত। অনেকটা এরকম যে চাকরির জন্য আবেদন করলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই কাজটা করতে হচ্ছে!”

দলের ব্যাটসম্যানদের অনুশীলনের পারফরম্যান্সে সন্তুষ্ট ও’নিল বলেন, “খুব ভালো অনুশীলন হচ্ছে। আমি খুবই ইমপ্রেসড। ছেলেরা ব্যাট হাতে খুব ভালো করছে। বিশেষ করে আজকে তারা খুবই ভালো ব্যাটিং করেছে। টেস্ট ম্যাচে কি কি কৌশলগুলো কাজে লাগানো যায় সেসব বিষয়ে আমি কাজ করছি। সবমিলিয়ে যা হচ্ছে তা নিয়ে আমি খুশি।”

টেস্টে সবচেয়ে প্রয়োজনীয় দিক হলো মনোসংযোগ। সেটার ওপরেই গুরুত্ব দিচ্ছেন এই কোচ। তিনি বলেন, “ছেলেদের টেস্ট ম্যাচের উপযোগী করে তৈরী করার চেষ্টা করছি। তারা যেন উইকেটের মূল্য বুঝতে পারে। এমনকি নেটেও যাতে বাজে শট না খেলে, নিজের ওপর যাতে বিশ্বাস রাখে। এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছি।”

শুধু উপরের সারির ব্যাটসম্যানদের ওপরেই নয়, মার্ক ও’নিলের মনযোগ লোয়ার অর্ডারের দিকেও। তিনি বলেন, “বোলার হওয়ার কারণে তারা ব্যাটিংয়ের জন্য তেমন বেশি সময় পায় না। আনুশীলনেও তারা পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ পাননা। কিন্তু আমি অনেক সময় দেখেছি দলের জয়ে তারাও বিরাট ভূমিকা রেখেছে।”

তিনি আরো যোগ করেন, “ওদের কাছ থেকে কিছু পেতে হলে ওদের দিকে কিছুটা মনযোগ দিতে হবে, অনুশীলনে ব্যাটিংয়ে সময় ও সুযোগ দিতে হবে। ওদেরকে উৎসাহ দিতে হবে যেন নিজেদের শক্তির জায়গা অনুযায়ী খেলে, যেন ভূমিকা রাখতে পারে এবং অপর প্রান্তের ব্যাটসম্যানকে স্ট্রাইক দিতে পারে।”

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ