মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের মতো মারা গিয়েছিলেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘একাত্তরে ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছে, তারা নির্বোধের মতো মারা গেল। আর আমাদের মতো নির্বোধেরা তাদেরকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দিই। আবার না গেলে পাপ হয়! তারা যদি এতো বুদ্ধিমান হতো, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকেন কিভাবে?’
তিনি আরো বলেন, ‘নেতৃত্বের অজ্ঞতা ও আগাম সতর্কতার অভাবে ২৫ মার্চে যারা মারা গেছেন, তারা না জানার কারণে মারা গেছেন। কিন্তু ১৪ ডিসেম্বর যারা মারা গেলেন, তারা অজ্ঞতার কারণে মারা যাননি। তারা জ্ঞাতসারেই ছিলেন। কারণ তখনও তারা প্রতিদিনই তাদের কর্মস্থলে গেছেন এবং পাকিস্তানের বেতন খেয়েছেন।’
এসময় এই বিএনপি নেতা আরো বলেন, ‘যারা পকিস্তানের বেতন খেলো, তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা, আর যারা পালিয়ে না খেয়ে বেড়ালো- তারা হয়ে গেলো রাজাকার। এই বিষয়গুলো পরিস্কার করা দরকার। কারণ এগুলো এখন ডাবল স্টান্ডার্ড হয়ে গেছে।’
























