বিবাহ সনদ জমা না করায় পাসপোর্ট পেলেন না মোদীর স্ত্রী

বিয়ের কাগজপত্র জমা না করায় পাসপোর্ট পেলেন না মোদীর স্ত্রী। পাসপোর্ট করতে গিয়ে ব্যর্থ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। পাসপোর্টের আবেদনপত্র অসম্পূর্ণ ভাবে দাখিল করেছেন বলে তার আবেদন পত্র ফেরত দেয়া হয়। খবর দ্য হিন্দুর।

যশোদাবেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছিল। কিন্তু সে সংক্রান্ত কোনও কাগজপত্র জমা করেননি যশোদাবেন। একে কারণ দেখিয়ে যশোদাবেনের আবেদনপত্র ফেরত দিয়ে দেয় গুজরাটের আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেখানকার আঞ্চলিক পাসপোর্ট অফিসার ‘জেএ খান’ এসব বলেন।

জেএ খান বলেন, যশোদাবেনের পাসপোর্টের জন্য বিবাহ সনদপত্র অথবা নরেন্দ্র মোদী ও যশোদাবেনের যুগ্ম হলফনামা লাগবে। কিন্ত এ ধরনের কোনো কাগজই পাসপোর্টের আবেদন পত্রের সঙ্গে দাখিল করেননি যশোদাবেন।

প্রসঙ্গত, ভারতে গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নির্বাচনের আবেদন পত্রে স্ত্রী হিসেবে যশোদাবেনকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। যশোদাবেন নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘদিন পৃথক বসবাস করেছিলেন।

যশোদাবেন বর্তমানে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। বিদেশে তার বহু আত্মীয় স্বজন রয়েছে। তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তিনি বিদেশ যেতে চেয়েছিলেন। এ কারণে তার পাসপোর্টের প্রয়োজন পড়ে। যশোদাবেনের ভাই অশোক মোদী এসব কথা বলেন।

যশোদাবেন বর্তমানে তার ভাই অশোক মোদীর সঙ্গে বসবাস করেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যশোদাবেনকে পাহারা দেবার জন্য ৪ জন পুলিশ কনস্টেবল দেয়া হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ