লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ১৪ নং লতামারি ছিটমহলে জমির মালিকানাকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলুপ্ত ছিটমহলের আব্দুল মান্নানের ভূট্টা ক্ষেত শুক্রবার গভীর রাতে কে বা কারা কেটে দেয়ায় শনিবার(০৬ ফেব্রুয়ারী) সকালে আব্দুল মান্নানের লোকজন প্রতিবেশী ফজলে রহমানের পার্শ্ববর্তী তামাক ক্ষেত কেটে দেয়ার সময় বাঁধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এসময় উভয় দলের অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন, বুলবুল হোসেন(৩৫), আজিমুদ্দিন(৫০), হাসিকুল হক(৩০), লুৎফর রহমান(৪০), আবু হোসেন(৪০), হাফিজার রহমান(৫০) ও আবু দরদা(৩৫)। এদের মধ্যে লুৎফর রহমানকে রংপুর হাসপাতাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরজমিনে গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, ‘বিলুপ্ত লতামারি ছিটমহলের ৩৬ শতক জমি প্রায় ৩০ বছর ধরে দখলে থাকা ফজলে রহমানকে মাঠ জরিপে নথিভূক্ত করে খতিয়ান প্রদান করা হয়। পরে রহস্যজনক কারণে আব্দুল মান্নানের নাম মাঠ জরিপে অর্ন্তভূক্ত করে। এ কারণে ওই জমির মালিকানা নিয়ে মারামারির সূত্রপাত ঘটে।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু মুসা জানান, ‘ছিটমহলের দুই পক্ষের আহতদের মধ্যে ৬ ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। লুৎফর রহমান নামে এক ব্যক্তি গুরতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম বলেন,‘এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অপর আসামীদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’






















