বিশ্বের বিভিন্ন দেশের প্রাচীন রাজনৈতিক দলের গঠনতন্ত্রকে অনুসরণ করে দলের গঠনতন্ত্র আধুনিক ও যুগোপযোগী করা হবে। এমন তথ্য নিয়েছেন আওয়ামী লীগের গঠনতন্ত্র উপ-পরিষদের সভাপতি ও কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক।
বুধবার বিকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত ২০তম সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নতুন বিভাগগুলোতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাড়ানো হতে পারে জানিয়ে তিনি আরো বলেন, “গঠনতন্ত্রে সভাপতিমণ্ডলির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সংখ্যায় বাড়তে পারে। দলকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করতে আগামী ১৫ জুনের মধ্যে গঠনতন্ত্র উপ-পরিষদ রিপোর্ট জমা দিবে। তারপরে দলের কার্য-নির্বাহী ও নীতি-নির্ধারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রে কি পরিবর্তন আসবে তা জানা যাবে।”
তিনি জানান,“বিশ্বের প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি, লেবার পার্টি, কনজারভ্যাটিভপার্টি, তৃণমূল কংগ্রেসসহ কানাডা, অস্ট্রেলিয়ার মত দেশগুলোর দলের গঠনতন্ত্র আমরা সংগ্রহ করেছি। এগুলো দেখে আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য মতামত উপস্থাপন করব।”
ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপ-পরিষদের বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কর্নেল ফারুক খান, মেজবাহ উদ্দিন সিরাজ, আব্দুর রহমান, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
























