গ্যাসের দাম বাড়ায় এবার সরাসরি প্রভাব এসে পড়ল সাধারণ মানুষের উপর। ভাড়া বাড়ল ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার।
নগর পরিবহনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আর মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৬০ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতই ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকাই রাখা হয়েছে। নতুন হারের ভাড়া কার্যকর হবে ঈদের পর ১ অক্টোবর থেকে।
দুই মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার জন্যও নতুন হারের ভাড়া ঠিক করে দিয়েছে সরকার, যদিও মিটারে অটোরিকশা না চলার অভিযোগ দীর্ঘদিনের। ১ নভেম্বর থেকে অটোরিকশায় চড়তে গেলে প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা ভাড়া ঠিক করে দেওয়া হয়েছে, যা আগে ২৫ টাকা ছিল। তবে, এখনও পর্যন্ত এটাই হবে সর্বনিম্ন ভাড়া।
আর এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। এর মধ্যে যানজট বা অন্য কোনও কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুণতে হবে ২ টাকা করে, যা আগে ১ টাকা ৪ পয়সা ছিল। অটোরিকশা চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বাড়ানো হয়েছে। অটো মালিককে তাদের প্রতি দিন দিতে হবে ৯০০ টাকা, যা এতদিন ৬০০ টাকা ছিল।























