সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বাংলাদেশ-ভারত দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব মো. মোজাম্মেল হক খান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দেশের মধ্যে ১৭তম স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান। দুই দিনব্যাপী এ বৈঠক গতকাল সোমবার শুরু হয়।
মোজাম্মেল হক জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, মাদক ও সন্ত্রাসবাদ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকারসহ সার্বিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘আমাদের টার্গেট (লক্ষ্য) হচ্ছে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং ভারত কর্তৃপক্ষ আমাদের এই মন্তব্যের ব্যাপারে একমত পোষণ করেছে। তারাও এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করবে যাতে করে আগামী দিনে সীমান্তে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়।’
সচিব আরো বলেন, ‘বাংলাদেশে কোনো ইনসার্জেন্সি (বিদ্রোহী) গ্রুপের কোনো ক্যাম্প (ঘাঁটি) নেই। এটা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি। তারপরও আমি বলব যে, এগুলো অনেক সময় ডিসগাইজ ফর্মে (ছদ্মবেশ রূপ) থাকে। সেগুলোর ব্যাপারেও আমরা সচেতন আছি। আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে, ইনটেলিজেন্স শেয়ারিংয়ের (গোয়েন্দা তথ্য আদান-প্রদান) মাধ্যমে, এনফোর্সমেন্টের (কার্যকরের) মাধ্যমে, যে কোনো ধরনের টেরোরিজমের (সন্ত্রাসবাদ) বিরুদ্ধে এবং ইনসার্জেন্সির (বিদ্রোহের) বিরুদ্ধে একমত ও একাট্টা হয়ে আছি। যে কোনো সমস্যা সমাধানে আমরা প্রস্তুত রয়েছি।’
সম্প্রতি আসামভিত্তিক সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়। এর পর নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এরই ধারাবাহিকতায় আরো বন্দিবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবলে জানান স্বরাষ্ট্র সচিব।
বৈঠকে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মো. মোজাম্মেল হক খান। আর ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিশি। এ সময় বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক ও এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ভারতের তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















