বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহৎ রফতানিকারক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশি কোনো ব্র্যান্ডের নামে এসব পোশাক বাজারজাত হয় না। হয় বিশ্ববিখ্যাত জারা, এইচএ্যান্ডএম, জেসিপেনিসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে।
তবে এই প্রথমবারের মতো একদল প্রবাসী ব্যবসায়ী ইউরোপের বাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডে পোশাক বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে। এ ব্র্যান্ডের নাম পদ্মা, মেঘনা অথবা যমুনা- যে কোনো একটি নদীর নামে হবে। শিগগিরই বাংলাদেশি এই ব্র্যান্ডের নিজস্ব নাম চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেছে, এ লক্ষ্যে তারা ইউরোপে বাংলাদেশ বিজনেস কনসাল্টিং নামে একটি সংগঠন তৈরি করেছে। এ প্রসঙ্গে বিবিসির সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন, আমাদের হাত ছুঁয়ে বিশ্বব্যাপী এতো পোশাক যাচ্ছে। অথচ আমাদের কোনো নাম নেই। ক্রেতারা সংশ্লিষ্ট দেশ থেকে পোশাক তৈরির সিদ্ধান্ত নেয়। প্রবাসী ব্যবসায়ী কাজী এনায়েত বলেন, ইউরোপীয়দের দিয়েই তাদের পছন্দের ডিজাইন তৈরি করা হবে।




















