হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিকসহ দুজন পুলিশ কর্মকর্তাকে যে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বর্ণিত নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ড জনসাধারণের মনে চরম আতঙ্ক সৃষ্টিসহ মারাত্মকভাবে বিঘ্নিত করেছে জননিরাপত্তা।
সোমবার (৩০ অক্টোবর) এ পর্যবেক্ষণ দেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায়ও পড়ে শোনান হাইকোর্ট।
রায়ে বলা হয়েছে, আপিলকারী মো. জাহাঙ্গীর হোসেন, মো. আসলাম হোসেন সরদার মোহন (২০), মো. আব্দুস সবুর খান (হাসান), রাকিবুল হাসান রিগেন রাফিউল ইসলাম, মো. হাদিসুর রহমান, মো. শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তাদের সবাইকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৫ বৎসরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো।
এছাড়া ট্রাইব্যুনাল কর্তৃক আপিলকারীদেরকে (যার যার ক্ষেত্রে প্রযোজ্য) সন্ত্রাস বিরোধী আইনের ৭/৮/ ও ৯ ধারায় দোষী সাব্যস্থ করে প্রদত্ত দণ্ড আইনানুগ হওয়ায় তা বহাল রাখা হলো। মামলাটিতে দেওয়া সব দণ্ড একত্রে চলবে।
























