ফেনীতে সম্পত্তি নিয়ে বিরোধ, গুলিতে শিশুসহ নিহত ২। শহরের মহিপালে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহিপালের চৌধুরী বাড়ি সংলগ্ন হাজি বাড়ির হারিছ আহম্মদের সাথে শহরের রামপুর এলাকার আবদুল মান্নান গংদের বিরোধ চলে আসছিল। হারিছ আহম্মদের দখলীয় কিছু সম্পত্তি চৌধুরী বাড়ির সাহেদ, স্বপন, ফারুক ও আবদুল মান্নান নিজেদের কেনা দাবি করে। এতে দখল নিয়ে বিরোধ হয়। এর জেরে সন্ধ্যা ৭ টার দিকে আবদুল মান্নান গংদের পক্ষে ৭০-৮০ জন দুর্বৃত্ত সশস্ত্র হয়ে হাজী বাড়িতে হামলা চালায়।
এক পর্যায়ে তারা গুলি ছুড়লে লোকমান হেসেনের মেয়ে আকলিমা আক্তার (১৩) ও আলী আকবরের ছেলে মাঈন উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় আলাউদ্দিন, মারুফ ও সাইফুল ইসলামসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের ফেনী আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে সংঘষং ও গুলিতে নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে আটক করতে পারেনি বলে ফেনী মডেল থানা সূত্র জানিয়েছে।






















