আর্থনিউজ২৪: মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক ছাত্রীর সঙ্গে দুই ছাত্রের প্রেমের ঘটনাকে কেন্দ্র করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুপক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
দুপুরে কলেজের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ছাত্রলীগকর্মী সবুজের সঙ্গে অনার্সের এক ছাত্রীর প্রেমের সর্ম্পক ছিল। এক বছর আগে তাদের সম্পর্ক ভেঙে যায়।
মঙ্গলবার ওই ছাত্রী কলেজ ক্যাস্পাসে নতুন প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। এ দৃশ্য দেখে সবুজ নতুন প্রেমিককে কলেজ থেকে বের করে দেন এবং পুরনো প্রেমিকার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
বিষয়টি ওই ছাত্রী তার খালাতো ভাই ছাত্রলীগকর্মী কামরুলকে জানালে কামরুলের সমর্থকরা সবুজকে ধাওয়া করে। এনিয়ে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
ধাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক আসলাম হোসেনের মধ্যস্থতায় সমঝোতার পর বিকাল ৩টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন জানান, বহিরাগত দুই গ্রুপ ছাত্রের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে তারা ছাত্রলীগ কি না সেটা তিনি জানেন না।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আছে।






















