অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৩ উইকেটে ১৮৮ রান করে ভারত। ১৮৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ভিরাট কোহলি।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এরপর দ্রুত বিদায় নেন শেখর ধাওয়ান। তবে, হাল ধরেন ভিরাট কোহলি। তাকে যোগ্য সঙ্গ দেন সুরেশ রায়না। কোহলির অপরাজিত ৯১ও রায়নার ৪১ রানে, মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় সফরকারী ভারত।
জবাবে, ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ওপেনিং জুটিতে করেন ৪৭ রান। ১৭ রানে ওয়র্নারকে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন বুমরাহ। এরপর ২১ রান করে বিদায় নেন স্মিথ। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে ফিঞ্চের ৪৪ রান ছাড়া, বড় সংগ্রহ গড়তে পারেননি কোন ব্যাটসম্যান। ফলে ১৫১ রানেই অউট হয় অস্ট্রেলিয়া। ৩৭ রানের দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।























