এক লাখ ভারতীয় রুপি বাংলাদেশের ১২ হাজার টাকায় সরবরাহকারীদের কাছে বিক্রি করতেন লিয়াকত আলী। পরে সরবরাহকারীরা তাদের স্থানীয় দালালদের দিয়ে রাজধানী ঢাকার মানি এক্সচেঞ্জসহ সীমান্তবর্তী জেলায় বাজারজাত করত বলে জানিয়েছেন র্যাব।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময়ে র্যাব তিনের অধিনায়ক লে. কর্নেল ইমরানুল ইসলাম র্যাবের কাওরানবাজারের আইন ও গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
র্যাব জানিয়েছেন, বাংলাদেশি জাল মুদ্রা স্থানীয় বাজারে বাজারজাতকরণ ঝুঁকিপূর্ণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেপ্তার আশঙ্কা থাকায় লিয়াকত আলী ভারতীয় জাল মুদ্রা তৈরিতে নিজেকে সম্পৃক্ত করে। এর আগেও লিয়াকত অবৈধভাবে জাল মুদ্রা তৈরি এবং বাজারজাত করার সময় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী কর্তৃক একাধিকবার গ্রেপ্তার হয়েছে
রাজধানীর বিভিন্ন থানায় তার নামে পাঁচটি মামলা রয়েছে। তার অন্যতম সহযোগী জাহাঙ্গীর আলম অবৈধ জাল মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত উন্নতমানের বিদেশি প্রিন্টারের রঙিন কালি এবং অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করত। গতকাল বুধবার রাত সাড়ে ১২ টার সময়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ভারতীয় জাল রুপি তৈরীর কারখানা থেকে ১০ লাখ জাল রুপিসহ দুইজনকে গ্রেপ্তার এবং ভারতীয় জাল রুপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার।
গ্রেপ্তারকৃতরা হলেন- লিয়াকত আলী (৩৫) এবং জাহাঙ্গীর আলম (৪০)। এ সময়ে তাদের কাছ থেকে ১০ লাখ ভারতীয় জাল রুপি, জাল ভারতীয় রুপি তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ একটি, ভারতীয় মুদ্রায় ব্যবহৃত স্কীন ডাইস ছয়টি, ডাইস প্লেট দুইটি, স্ক্যানার কাম প্রিন্টার দুইটি, প্রিন্টার চারটি, ভারতীয় জাল রুপির নিরাপত্তা সুতা সাত বান্ডেল, ফয়েল মেশিন একটি, জাল রুপি কাটার কাজে ব্যবহৃত কাটার মেশিন চারটি, কাটার ব্লেড সাত জাল রুপি ছাপানোর কাজে ব্যবহৃত স্কীন রাবার পাঁচটি, জাল রুপি ছাপানোর কাজে ব্যবহৃত বিদেশি উন্নতমানের রঙিন কালি ১২০টি, অন্যান্য কালি সাত কৌটা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সাদা রং এক লিটার, কাচ তিন পিস, সুপার গ্লু একটি, রুপি বান্ডেল করার রাবার এক প্যাকেট, খাকি খাম ২০০টি, ভারতীয় জাল মুদ্রা তৈরির কাগজ এক রিম, ভারতীয় জাল মুদ্রা তৈরীর কাগজ এক বান্ডেল, বালতি একটি, ল্যাপটপ মাউস একটি, ল্যাপটপ চার্জার একটি, অন্যান্য ক্যাবল ১০টি এবং একটি মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়।
লে. কর্নেল ইমরানুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে একশ্রেণির সংঘবদ্ধ প্রতারক চক্র দেশি এবং বিদেশি অবৈধ জাল মুদ্রা তৈরি করে সাধারন মানুষের সাথে প্রতারনাপূর্বক অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।
র্যাব-৩ জানতে পারে যে, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একশ্রেণীর সংঘবদ্ধ চক্র দেশী বিদেশী জাল মুদ্রা তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জাল মুদ্রা সরবরাহ করে আসছে। র্যাব-৩ এর গোয়েন্দা দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া, বি-ব্লক, ২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে।
র্যাব তিনের অধিনায়ক বলেন, র্যাবের আভিযানিক দল ওই বাড়ির একটি কক্ষ থেকে ভারতীয় জাল রুপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা লিয়াকত আলীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত লিয়াকত আলীর দেয়া তথ্য মতে, রাজধানীর খিলগাঁও থেকে তার অন্যতম সহযোগী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
























