সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা ১৭ এবং ১৫ বছরের দুই কিশোরীকে গ্রেফতার করেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনা ঘটল। তাদের বিরুদ্ধে প্যারিসিয়ান কনসার্ট হলে হামলা পরিকল্পনার অভিযোগ করা হয়েছে।
এক আন্তর্জাতিক সংস্থা বুধবার জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা তদন্তের অংশ হিসেবে দুই কিশোরীকে গ্রেফতার করেছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই দুই কিশোরীর বিরুদ্ধে সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে।তবে প্রাথমিক তদন্তে তাদের কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি।
প্রসিকিউটররা আরও জানান, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে।কিশোরীদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি তারা। ওই কিশোরীদের মধ্যে কনিষ্ঠজনকে সাময়িক হেফাজত এবং অপরজনকে বিচারিক হেফাজতে রাখার আবেদন করেছেন প্রসিকিউটররা। উল্ল্যখ, গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে ব্যাটাক্লান কনসার্ট হল সহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হন। সেই ঘটনার চার মাস পর এই কিশোরীদের গ্রেফতার করেছে গোয়েন্দারা।তবে আরও অনুসন্ধান চলছে বলে জানা যায়।
























