পোস্ট অফিসের লোহার সিন্ধুক ভেঙে অর্ধকোটি টাকা লুট

আর্থনিউজ২৪ঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পোস্ট অফিসের লোহার সিন্ধুকের তালা ভেঙে প্রায় অর্ধকোটি টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।  রোববার গভীর রাতে পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এদিকে রহস্যজনক কারণে স্থানীয় পোস্ট মাস্টার ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন বলে জানা গেছে।
উপজেলা পোস্ট মাস্টার নজরুল ইসলাম জানান, রোববার বিকাল ৫টার দিকে দাফতরিক কাজ শেষ করে পোস্ট অফিস বন্ধ করে তিনি চলে যান। সোমবার সকাল ৯টায় এসে তিনি অফিসের পেছন দরজার লোহার তালা ভাঙা ও জানালার গ্রীল কাটা দেখতে পান। পরে অফিসের ভেতরে গিয়ে দেখেন লোহার সিন্ধুকের তালা ভেঙে প্রায় অর্ধকোটি টাকা ডাকাতি হয়ে গেছে। এছাড়া ডাকাতরা অফিসের দুইটি আলমারি ও বিভিন্ন ফাইলপত্র তছনছ করে রাখে।
পোস্ট অফিসের নৈশপ্রহরী মহেন্দ্র চন্দ্র রায় জানান, রোববার সন্ধ্যায় তিনি পোস্ট অফিস কলোনির বাসায় ফেরেন। রাত আড়াইটার দিকে একবার টহল দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে মেইল পিয়ন উত্তম কুমার তেওয়ারী অফিসে আসার পর তার কাছ থেকে তিনি ডাকাতির খবর পান।
সকালে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১২টার দিকে জামালপুরের পোস্ট সুপার আব্দুর রশিদ ও পরিদর্শক জাহাঙ্গীর হোসেন পরিদর্শনে এসে সাংবাদিকদের দেখে দ্রুত স্থান ত্যাগ করেন। এছাড়া স্থানীয় পোস্ট মাস্টার নজরুল ইসলাম ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেন। এদিকে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুলিশ সন্দেহ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি এসআই ইদ্রিস জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও রহস্যজনক। তবে কর্তৃপক্ষের কোন অভিযোগ না থাকায় কাউকে আটক করা যায়নি।
পোস্ট সুপার আব্দুর রশিদ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে কাগজ-পত্র তছনছ দেখতে পাই। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন দেয়া হবে। টাকা লুটের কথাটি প্রশ্ন করলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
জামালপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মনির হোসেনের মোবাইলে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইনটি কেটে দেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ