২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পোশাক শিল্পের মন্দাবস্থা উত্তরণে কাস্টমস বন্ড ও বিজিএমইএ একযোগে কাজ করবে

বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। আর্ন্তজাতিক বাজারে অব্যাহতভাবে পণ্যের দর পতন, বিদেশী ক্রেতার পরিদর্শন সংস্থা একর্ড ও এলায়েন্স-এর সংস্কার কর্মসূচী প্রতিপালন, সর্বশেষ শ্রমিকদের মজুরী ৫১% বৃদ্ধি সহ নানাবিধ অবকাঠামোগত সমস্যায় ব্যবসা পরিচালনা ব্যয় বেড়েছে প্রায় ৩০%।

এমতাবস্থায় ব্যবসা ধরে রাখার স্বার্থে, বর্তমানে প্রায় ৪০% রপ্তানীকারক উৎপাদন ব্যয়ের নিচে রপ্তানী আদেশ নিচ্ছে; প্রায় ৮৭% বিদেশী ক্রেতা পণ্য মূল্য বাড়ায়নি। উৎপাদন ব্যয়ের কমে প্রায় ৫০% কারখানা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে। এ’প্রেক্ষিতে বিগত অর্থ বছরের তুলনায় বর্তমান অর্থ বছরের প্রথম ০৬মাসে রপ্তানীতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে (-)৬.২১%। চট্টগ্রামে বন্দর এবং কাস্টমস্ সুবিধায় তুলনামূলক ভাবে খরচ কম হলেও অন্যান্য সমস্যার কারণে চট্টগ্রামের পোশাক শিল্প বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে।

বর্তমানে মিরশ্বরাই ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলি টানেল সহ বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে ধারাবাহিকতায় বিদেশী বিনিয়োগ সহ নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। এ’ক্ষেত্রে বন্ড কমিশনারেট কর্তৃক কার্যক্রম সহজীকরণ পূর্বক বিনিয়োগ ও রপ্তানী বৃদ্ধিকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অদ্য ০৮/০১/২০২০ইং তারিখে নব-নিযুক্ত কাস্টমস্ বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার জনাব মোহাম্মদ মাহাবুবুজ্জামান এর সাথে বিজিএমইএ’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে উক্ত আশাবাদ ব্যক্ত করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম।
কমিশনার, কাস্টমস্ বন্ড কমিশনারেট, চট্টগ্রাম জনাব মোহাম্মদ মাহাবুবুজ্জামান বলেন- জাতীয় অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যাপক কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য।

তিনি দেশীয় শিল্প হিসাবে পোশাক শিল্পে বর্তমান মন্দাবস্থা উত্তরণে বন্ড কমিশনারেট ও বিজিএমইএ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং আমদানীকৃত পণ্য চালানে এইচ.এস কোড সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে বন্ড লাইসেন্সে এইচ.এস কোড সংযোজন একই কর্মদিবসে অনুমোদন প্রদান করা হবে। তিনি পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে বিরাজমান সমস্যা সমূহ দ্রুত সমাধান করা হবে মর্মে আশ্বস্থ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন- বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ সর্বজনাব- এ.এম. মাহবুব চৌধুরী, অঞ্জন শেখর দাশ, প্রাক্তন প্রথম সহ-সভাপতিবৃন্দ সর্বজনাব নাসিরউদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন পরিচালক ও কাস্টম বিষয়ক স্থায়ী কমিটি চেয়ারম্যান জনাব এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী।

কাস্টমস্ বন্ড কমিশনারেট এর পক্ষে- অতিঃ কমিশনার জনাব ম. শফিউজ্জামান ও সহকারী কমিশনার জনাব সন্তোষ সরেণ। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ সর্বজনাব- মোহাম্মদ মুসা, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী ও প্রাক্তন পরিচালকবৃন্দ সর্বজনাব লিয়াকত আলী চৌধুরী, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, কাস্টম বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান সর্বজনাব আবদুল আলীম আরিফ, মাহফুজুর রহমান, কমিটির সদস্য সর্বজনাব মোঃ হান্নান, ওয়াদুদ মোঃ চৌধুরী প্রমুখ এবং কাস্টম বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ