আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে, তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নতি হয়। নৌকা স্বাধীনতা এনেছে। নৌকায় ভোট দেয়ায় দেশের উন্নতি হচ্ছে। তাই নৌকাকে ভুলবেন না। নৌকা উন্নতি শান্তি সমৃদ্ধি দেবে। এইকথাগুলো বলে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরো বলেন, সিলেটে বিএনপি জামায়াতের শাসনকালে প্রায় দশটি স্থানে বোমা হামলা হয়েছে। যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের ক্ষমা নেই, বাংলার মাটিতে তাদের বিচার হবেই । আওয়ামী লীগ চায় এদেশে ন্যায় প্রতিষ্ঠা হোক। সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং সাবেক জেলা সভাপতি আ ন ম শফিকুল হক ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী আজকের আলিয়া মাঠের সভাস্থলে দশটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ১২টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।





















