২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের এক এসআইসহ ৩ জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জ থানা পুলিশের এক এসআইসহ ৩ জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক গৃহবধু। যৌন হয়রানির শিকার ওই গৃহবধূ বিচার চেয়ে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নয়াগ্রামের গৃহবধূ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তার স্বামীকে সাইবার ট্রাইব্যুনাল ৫/১৫ নং মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠায় দেওয়ানগঞ্জ থানার পুলিশ।

ওই মামলায় স্বামী জেল হাজতে থাকার সময় দেওয়ানগঞ্জ থানার এসআই রাজিব বিশ্বাস, দেওয়ানগঞ্জ থানার কান্দির গ্রামের নাজিম উদ্দীন সরকারের পুত্র আব্দুর রহিম মিঠু ও নয়াগ্রাম বাহাদুরাবাদের হাজি ছামিউল হকের পুত্র হামিদুল হক গৃহবধূকে বিভিন্ন সময় ডেকে থানায় ও বাসায় নেয়। অভিযুক্তরা তার স্বামীকে মামলা থেকে বাঁচিয়ে দিবে বলে বিভিন্নভাবে অবৈধ সম্পর্ক স্থাপন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে কঠিনভাবে অভিযোগপত্র দাখিলের হুমকি দেয়। গত ২৫ ফেব্রুয়ারি স্বামী জেল হাজত থেকে বের হলে ওই গৃহবধূ এসব ঘটনা তার স্বামীকে জানান।

লিখিত অভিযোগে, ওই গৃহবধূ উল্লেখ করেছেন, বর্তমানেও তাকে নানাভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। তার স্বামী কর্মের তাগিদে ঢাকায় চলে গেলে তার সঙ্গে জোরপূর্বক অবৈধ সম্পর্ক স্থাপনের কথা বলছে। বর্তমানে পুলিশের ওই এসআইসহ ৩ জনের অব্যাহত হুমকিতে ওই গৃহবধূ নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার এসআই রাজিব বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগ সঠিক নয়। একটি মামলায় ওই গৃহবধূর স্বামীকে তিনি গ্রেফতার করে জেল হাজতে পাঠান। ওই ক্ষোভ থেকে এ ধরনের অভিযোগ করতে পারে বলেও তিনি দাবি করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ