পিবিআই সদস্যদের ওপর হামলা গ্রেফতার ৫

ঝিনাইদহের কালীগঞ্জে পিবিআইয়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে পিবিআইয়ের এসআই সোহেল হোসেন বাদী হয়ে মামলা (নম্বর-০৯) দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ১৮ জনের নাম প্রকাশ করে অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়। এদেরমধ্যে মুশফিকুর রহমান ডাবলু, মুশতাক আহম্মেদ লাভলু ও নাছিরসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ৮ জানুয়ারি বুধবার রাত ১০টার দিকে আড়পাড়া গ্রামে অভিযানে যান পিবিআই সদস্যরা। কালীগঞ্জের মাদ্রাসাছাত্র আল-আমিন হত্যা মামলার আসামি তারিক হাসান সাব্বিরের স্বীকারোক্তিতে হত্যাকাজে ব্যবহৃত চাকু ও মোবাইল ফোন উদ্ধার করতে সেখানে যান তারা। তখন রান্না ঘর থেকে একটি চাকু উদ্ধার ও যে মোবাইলফোন দিয়ে ম্যাসেজ দেওয়া হয়েছিল, সেই মোবাইলফোনটি উদ্ধার করা হয়। আলামত উদ্ধার করে নিয়ে আসার সময় পিবিআই সদস্যদের ওপর আসামি সাব্বিরের বাবা মুশফিকুর রহমান ডাবলু ও চাচা মুশতাক আহম্মেদ লাভলুর নেতৃত্বে ১২-১৩ জন হামলা করে বলে পিবিআইয়ের দাবি। হামলায় আহত হন মামলার তদন্তকারী পিবিআইয়ের এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মো. জাফর ও এএসআই আব্দুল খালেক। এদেরমধ্যে এএসআই হাফিজুর রহমানকে আসামি পক্ষের লোকজন একটি কক্ষে আটকে রেখে মারধর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ