২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিছিয়ে পড়েও মেসির গোলে পিএসজির জয়

ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার বিহীন পিএসজি শনিবার তুলজের বিরুদ্ধে লিগ ওয়ানে পিছিয়ে থেকেও লিওনেল মেসির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধে দলের জয়সূচক গোলটি করেন মেসি।

পার্ক দ্যেস প্রিন্সেসে ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেনের ২০ মিনিটের ফ্রি-কিকে এগিয়ে যায় তুলজ। ৩৮ মিনিটে আশরাফ হাকিমির কার্লিং শটে সমতায় ফেরে স্বাগতিক পিএসজি। ৫৮ মিনিটে বা পায়ের জোরালো শটে পিএসজিকে এগিয়ে দেন মেসি। ম্যাচের শেষ পর্যন্ত ঐ গোল আর পরিশোধ করতে পারেনি সফরকারী তুলজ।

 

লিগে এটি মেসির ১০ম ও মৌসুমে সব মিলিয়ে ১৫তম গোল। পিএসজির আরো দুই তারকার অনুপস্থিতিতে আক্রমণভাগের মূল দায়িত্ব ছিল মেসির ওপর। মার্সেইর চেয়ে আট পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে পিএসজি টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে। সপ্তাহের মাঝামাঝিতে ফরাসি কাপে পিএসজিকে আতিথ্য দিবে মার্সেই।

বুধবার মন্টিপিলিয়ারের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এমবাপ্পে। যে কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারছেন না এই ফরাসি তারকা ফরোয়ার্ড। এদিকে পেশির সামান্য ইনজুরির কারনে টানা দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রয়েছেন নেইমার। এ কারণে ২০ বছর বয়সী হুগো একিটিকেকে নিয়ে আক্রমণভাগ সামলানোর দায়িত্ব পান মেসি, তাদের সহযোগিতা করার জন্য ছিলেন ভিতিনহা ও কার্লোস সোলার।

কিন্তু ক্রিস্টোফার গ্যালতিয়েরের দলের সমস্যা অন্য জায়গায়। সার্জিও রামোস রয়েছেন ইনজুরিতে, নিষেধাজ্ঞার কারনে দলে নেই মার্কো ভেরাত্তি, ইনজুরিতে পড়ে মাত্র ১২ মিনিটে মাঠ ছেড়ে চলে আসতে বাধ্য হন রেনাটো সানচেজ।

ম্যাচ শেষে পিএসজি বস গ্যালতিয়ের বলেন, ‘মেসি আজ পুরো দলকে সমন্বিত করে খেলেছে। শুধুমাত্র এমবাপ্পে কিংবা নেইমার অনুপস্থিত নয়, দলে পাইনি মার্কো ভেরাত্তি ও সার্জিও রামোসকে। যে কারণে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল মেসিকে। সেই মানসিকতা নিয়েই সে আজ মাঠে নামে। সপ্তাহের মাঝামাঝিতেও তাকে এই ভূমিকায় দেখা যাবে। মেসি যেভাবে খেলছে সেটা এই মুহূর্তে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তাকে আরো বেশি করে বল যোগান দিতে হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ