নীলফামারীর ডোমারের চিলাহাটিতে পিকআপের ধাক্কায় লুৎফর রহমান(৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ পিকআপসহ অভিযুক্ত চালক মো. রুবেলকে (২০) আটক করেছে। শনিবার ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে চিলাহাটি-আমবাড়ি সড়কের বটতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
নিহত লুৎফর চিলাহাটি মাস্টারপাড়ার শুকুর মিয়ার ছেলে। তিনি পেশায় ঘটক। অভিযুক্ত পিকআপ চালক রুবেল পঞ্চগড় জেলার কাজিরহাট ভিতর গড়ের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লুৎফর সাইকেলযোগে চিলাহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বটতলী মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি সবজিবোঝাই পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় চালক পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক কিলোমিটার দূরে মকবুলের বাজার নামক স্থানে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করে চালক রুবেলকে আটক করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, রবিবার বিকাল পর্যন্ত বাদী পক্ষ থেকে মামলা না হওয়ায় চালক রুবেলকে মীমাংসার মাধ্যমে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
























