পাহাড়ে দূর্গম উপজাতি পল্লীগুলোতে শীতবস্ত্রহীন মানবেতার জীবনযাপন

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি :

“মাঘের শীত বাঘের গায়ে” মাঘের শুরুতে বান্দরবানের লামায় গুড়ি গুড়ি বৃষ্টির পর থেকে শীত ঝেঁকে বসেছে। প্রচন্ড ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় চরম দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বিশেষ করে দূর্গম উপজাতি পল্লীগুলোতে শীতবস্ত্র না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা। সর্বনিম্ন তাপমাত্রা ৯ডিগ্রী সেলসিয়াস রের্কড করা হয়েছে।

১৯ জানুয়ারী মঙ্গলবার বৃষ্টির পরদিন থেকে শীতের দাপট বাড়ে। ফলে বস্ত্রহীন অনেককে খড়কুটা ও লাকড়ী পুড়িয়ে দিনরাত আগুনের আশ্রয়ে শীত প্রতিহত করতে দেখা গেছে। জনজীবন যেন থমকে যায় সাধারণ মানুষের। দিনমনি’র দেখা মিলেনি টানা ৫দিন। অবশেষে দিনমনি’র দেখা মিললেও কনকনে শীত ঝেঁকে বসেছে। হঠাৎ করে আবহাওয়া বদল হওয়ায় শীতজড়িত নানান রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধা ও শিশুরা। এদিকে প্রচন্ড শীতে ইতিমধ্যে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার ৬০ উর্দ্ধ মালেকা খাতুন রবিবার মারা গেছে। লামা উপজেলা হাসপাতালে গত সাতদিনে ৭২ জন শিশু শীতজনিত রোগে ভর্তি হয়েছে। তাছাড়া বর্হিবিভাগে গত সপ্তাহে প্রায় ৩শতাধিক নারী, শিশু শীতজনিত রোগে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সৈয়দ আহমদ।

ঘন কুয়াশায় রবি শস্যেরও ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। লামা পৌরসভার সাবেক বিলছড়ি মার্মা পাড়ার কৃষক মংবাইগ্য মার্মা জানান, সারাদিনে ২ঘন্টা সূর্য দেখা যায়না। এতে করে বীজতলা ও সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফসলের রং হলুদ হয়ে পড়ছে।

অংহ্লাপাড়ার কৃষক মমতাজ উদ্দিন জানান, শীত আসতেই নদীর পানি শুকিয়ে গেছে। চাষাবাদ করা যাচ্ছেনা। পাহাড়ে গাছপালা না থাকায় শুষ্ক মৌসুমের শুরুতে নদ-নদী শুকিয়ে যায়। বিরূপ আবহাওয়ার কারণে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেনা মানুষজন। পৌরশহরে লোকজনের সংখ্যা একেবারে কম। শ্রমিকরা কাজে নামতে পারচ্ছেনা।

শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে লামায় বিভিন্ন এলাকার বীজতলা হুমকির মুখে পড়েছে। তবে রোদ উঠলেই এ সমস্যা কেটে যাবে বলে বলেছে লামা কৃষি বিভাগ।

দরিদ্র পাহাড়ি উপজাতি ও অউপজাতিদের কষ্ট লাঘোবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে লামা উপজেলার জন্য ১হাজার ৯শত কম্বল আসলেও তা বিতরণ হয়েছে শহর অঞ্চলে। যার দরুণ দূর্গম এলাকার মানুষ গুলো শীতে চরম কষ্ট পাচ্ছে। আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে।

                লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, দরিদ্র জনগোষ্ঠীদের জন্য ইতিমধ্যে শীতবস্ত্র দেয়া হয়েছে। তবে দূর্গম অঞ্চলের অনেকে না পাওয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। ইউনিয়ন চেয়ারম্যানদের দূর্গম এলাকায় তৃণমূল মানুষকে শীতবস্ত্র দেয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ