সম্প্রতি ভারতে পাকিস্তানি শিল্পীদের মুম্বইয়ে প্রবেশের ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছে শিবসেনা। এ প্রসঙ্গে সালমানের সাফ কথা, রাজনীতির সঙ্গে শিল্পকে গুলিয়ে ফেলা ঠিক নয়। সাধারণ মানুষও এটা চায় না।
সালমান খান বলেছেন, কোনও বিশেষ চরিত্রের জন্য কোনও বিশেষ শিল্পীকে বেছে নেওয়ার বিষয়টি পরিচালকের ওপর নির্ভরশীল। কোনও পরিচালকের যদি মনে হয়, কোনও নির্দিষ্ট চরিত্র কোনও পাক শিল্পীই করতে পারবেন, তাহলে তাকে কেউই বাধা দিতে পারে না।
তিনি বলেছেন, শিল্প ও বিনোদনের কোনও সীমান্ত নেই। কাঁটাতার দিয়ে একে বাঁধা যায় না। রাজনীতির সঙ্গে শিল্পকে গুলিয়ে না ফেলার আর্জি জানিয়েছেন তিনি।
শিবসেনার হুমকির নিশানায় বিদ্ধ বিশিষ্ট শিল্পী থেকে সংস্কৃতি জগত্। প্রথমে পাকিস্তানি গজল গায়ক গুলাম আলির শো-এর ওপর নিষেধাজ্ঞা জারি, তারপর পাক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সুধীন্দ্র কুলকার্ণির মুখে কালি ছেটানো। এবার শিবসেনার আক্রমণের হুমকিতে পাক শিল্পীরা। তাদের ওপর নিষেধাজ্ঞা জারির চেষ্টার বিরুদ্ধে মুখ খুললেন বলিউড কাঁপানো অভিনেতা সালমান খান।






















