মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ওষুধ ফার্মেসির দুই কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।তাদের নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৬ জন। যার মধ্যে জেলার বেগমগঞ্জ উপজেলায় ৮ জন,সদরে ২ জন, সোনাইমুড়ীতে ২ জন,হাতিয়ায় ২ জন,সেনবাগে ১ জন ও কবিরহাটে ১ জন রোগী রয়েছে। মারা গেছেন সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রি।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত ২৬ এপ্রিল রবিবার চৌমুহনী বাজারে দুই ফার্মেসি কর্মচারীসহ মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়।পরে তাদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছিল।যার মধ্যে দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বাকি তিনজনের রিপোর্ট নেগেটিভ আসে।তিনি আরও বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিগণ একই ওষুধ ফার্মেসিতে কাজ করতেন। কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।তাদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ও অন্যজন সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। তাদের সংস্পর্শে আসা ফার্মেসির অন্য কর্মচারীদের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হবে। তাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।




















