পালিয়ে যাওয়ার দেড় বছর পর দেশে ফিরিয়ে আনা নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সাইদুজ্জামান শরীফ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে আদালতে নেয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর কড়া নিরাপত্তায় ঢাকায় এনে শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে নূর হোসেনকে বুঝিয়ে দেয় র্যাব। এরপর তাকে নেয়া হয় নারায়ণগঞ্জে।
সাত খুন মামলার চার্জশিটভূক্ত আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর থমথমে ভাব ছিলো যশোরের বেনাপোল স্থলবন্দরে। গোটা এলাকা ছিলো কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান করে এদিন রাত ১১টা ৩৫ মিনিটে পেট্রাপোল সীমান্তে নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন বিএসএফ-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক এস কে শুকলা। র্যাব-পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে নূরকে গ্রহণ করেন বিজিবি’র সহ অধিনায়ক মেজর লিয়াকত আলী। এরপর কড়া নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হয় র্যাবের বিশেষ একটি বহর।
রওনা হবার প্রায় ৭ ঘণ্টা পর র্যাবের বিশেষ বহরটি সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছায়। নূর হোসেনকে নেয়া হয় উত্তরার র্যাব-১ কার্যালয়ে। এসময় বিভিন্ন বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।
র্যাব-১ কার্যালয়ে স্বাস্থ্যপরীক্ষা শেষে সকাল ৭টা ২০ মিনিটের দিকে ৭ খুন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে নূর হোসেনকে হস্তান্তর করে র্যাব। এর পরপরই নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তদন্ত কর্মকর্তা।
এদিকে, হস্তান্তরের পর থেকে নূর হোসেনকে গ্রহণকারী হিসেবে বিজিবি’র কথা বলা হলেও বিতর্ক সৃষ্টি হয় র্যাবের বক্তব্য ধরে। উত্তরায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাবের মুখপাত্র দাবি করেন, বিজিবি’কে নয়, বরং র্যাবের কাছেই নূর হোসেনকে হস্তান্তর করে বিএসএফ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তারা।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় কর্মকর্তাসহ বেশ কয়েক জন সদস্যের জড়িত থাকার প্রমাণ মেলায় বেশ সমালোচনার মুখে পড়ে পুলিশ বিশেষ এই বাহিনী।






















