১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে জাল নোট তৈরির দায়ে ফাঁসির আদেশ

নীলফামারীতে জাল নোট তৈরির দায়ে এম. এ. বাদশা ঢালী নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম রায়ের আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা ঢালী সৈয়দপুর উপজেলার ইসলামবাগের মৃত. ওয়াহেদুন্নবীর ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইসলামবাগ এলাকার একটি বাড়ি থেকে জাল নোট তৈরির সময় এম. এ. বাদশা ঢালীকে আটক করে।

তার কাছ থেকে ছয়টি ৫শ টাকার জাল নোট এবং টাকা তৈরির সরঞ্জামাদী উদ্ধার করে পুলিশ। পরদিন সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক রাশেদুজ্জামান।

মামলার দীর্ঘ শুনানী শেষে ঢালীর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক মো. মাহবুবুল আলম ফাঁসির আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌশুলী আজিজুল ইসলাম প্রামাণিক জানান, আসামীর উপস্থিতিতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর (ক) (খ) ধারায় ফাঁসির আদেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ