বর্তমান সময়ে শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বে সেরা ব্যাটসম্যানদের একজন লিটন দাস। জাতীয় দলের মতো, এবারের বিপিএলেও লিটনের ব্যাট হাসছে। তবে সংবাদ সম্মেলনে লিটন শোনালেন নিজের রোমাঞ্চকর গল্প।
লিটনের ব্যাটে চড়ে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় কুমিল্লা। ব্যাক টু ব্যাক ম্যাচ সেরার পুরস্কার ওঠে লিটনের হাতে। আগের ম্যাচে ২২ বলে ৪০ এবং সিলেটের বিপক্ষে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন মাত্র ৪২ বলে।
ম্যাচসেরা হওয়ার পরে সংবাদ সম্মেলনেও আসেন লিটন। সেখানে লিটনকে প্রশ্ন করা হয়, নিজের ব্যাটিং দেখে কি মনে হয় তার। জবাবে কিছুক্ষণ চুপ থেকে লিটন বলেন, ‘দেখি…কিন্তু দেখে মনে হয় কী ব্যাটিং করে…। একেকজনের ভিউ একেক রকম থাকে। আমার কাছে মনে হয় আরও ভালো করার সুযোগ আছে।’
লিটন দাসের মধ্যে ব্যাটিংয়ের যে শিল্পসত্তা আছে, তা হরহামেশাই বাংলাদেশ ক্রিকেটে মেলে না। লিটনের প্রতিভা, মারকুটে মনোভাব অন্য অনেক ব্যাটসম্যানের থেকে বিশ্বমানের।
লিটনও নিজের স্ট্যাট নিয়ে ভাবেন, দেখে আসে ক্রিকইনফোতে থাকা নিজের প্রোফাইলটা। এখান থেকেই ভালো খেলার তাগিদ পান লিটন দাস। তিনি বললেন, ‘ওটা আলাদা দিক। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, তখনই চিন্তা থাকে- আজকে যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো ফলো করে স্ট্যাটটা, ক্রিকইনফো ফলো করে, ওই জিনিসটা যখন খারাপ থাকে। নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে ভালো খেলতে হবে।’
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর খারাপ সময় পেরিয়ে গত কয়েক বছর ধরেই দারুণ ছন্দে লিটন। যে কোনো সংস্করণে সমান তালে মুগ্ধতা ছড়ায় তার ব্যাট, যা চলমান এবারের বিপিএলেও।
























