নতুন বিচারপতি নিয়োগ জ্যেষ্ঠতা লঙ্ঘন: খন্দকার মাহবুব

আপিল বিভাগে নতুন নিয়োগ দেয়া তিন বিচারপতির মধ্যে ২ দুজনকেই অন্তত ৩০ জনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিচারক নিয়োগের প্রতিবাদ জানিয়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নে সরকারের কাছে দাবি জানানো হয়।

খন্দকার মাহবুব হোসেন বলেন, গতকাল রোববার আপিল বিভাগে যে তিনজন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে দুজনকে নিয়োগে অন্তত ৩০ জন বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এ জন্য তাঁদের নিয়োগে আইনজীবীসহ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এ জন্য তিনি উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি জানান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, যদি নীতিমালা থাকত, তাহলে সরকার পিক অ্যান্ড চুজ পলিসি ব্যবহার করে বিচারক নিয়োগ দিতে পারত না। সম্প্রতি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কর্মকাণ্ড অনভিপ্রেত। তিনি রাজনৈতিক মিছিলেও যান, টক শোতেও যান, আবার প্রধান বিচারপতি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে বিচার বিভাগকে বিতর্কিত করেন। তিনি যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন, অবসরে যাওয়ার পর সেটা দেখা গেছে। তাঁকে আদৌ বিচারপতি করা উচিত হয়নি।

গতকাল রোববার হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ