দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে ৩২৯ রান সংগ্রহ প্রোটিয়াদের

সিরিজের শেষ টেস্টের প্রথম দিনটি ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। অভিষেকেই সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিফেন কুক। শতক পেয়েছেন হাশিম আমলাও। সেঞ্চুরিয়ানে প্রথম দিন শেষে এই দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে ১ম ইনিংসে ৫ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ৩৫ ও ব্যক্তিগত ২০ রানে আউট হন ডিন এলগার। এরপর অভিষিক্ত স্টিফেন কুককে সঙ্গে নিয়ে জুটি বাধেন হাশিম আমলা। ইংলিশ বোলারদের শাসন করে, দলের স্কোর এগিয়ে নিতে থাকেন এই দুই ব্যাটসম্যান।

৬ষ্ঠ প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করার রেকর্ড করেন স্টিফেন কুক। অন্যদিকে আমলাও ক্যারিয়ায়ের ২৫তম সেঞ্চুরি তুলে নেন। ২য় উইকেটে এই জুটি যোগ করেন ২০২ রান। তবে চা বিরতির পরপরই, ব্যক্তিগত ১০৯ ও দলীয় ২৩৭ রানে আউট হন আমলা।

এরপর রানের খাতা খোলার আগেই ব্রডের শিকার হয়ে ফিরে যান অধিনায়ক ডি ভিলিয়ার্স। কুক আউট হন ১১৫ রানে। দিনের শেষ সেশনে দ্রুত স্বাগতিকদের কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে থ্রি লায়ন্সরা। দিন শেষে বাভুমা ৩২ ও ডি কক ২৫ রানে অপরাজিত আছেন

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ