সাম্প্রতিক সময়ে দেশে ভিন্ন মতালম্বীদের হত্যার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “আমরা সব কিছু দেখছি, সব কিছু অনুসন্ধান করছি, সব তথ্য আমাদের কাছে আছে। সময় হলে তথ্য-প্রমাণ সহকারে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চেহারা আমরা মানুষের কাছে উন্মোচন করে দেবো।”
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন আওয়ামী লীগের আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ের বিদেশীসহ ভিন্ন মতালম্বী হত্যার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হত্যার আধা ঘণ্টার মধ্যে একটা ওয়েবসাইটে প্রচার হচ্ছে এটা আইএস। কিন্তু কে প্রচার করছেন আপনারা সবাই জানেন।”
এ সময় তিনি বলেন, দেশে যখন উন্নয়নের অগ্রযাত্রা চলছে তখন দেশে টার্গেট কিলিং হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার উন্নয়নে হাত থামিয়ে দেওয়া। একাত্তরের পরাজিত শক্তি দেশী ও আন্তজার্তিকভাবে ষড়যন্ত্র করছে।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
























