১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সাথে বসেছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

ছাত্রলীগ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নেতারা। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বিভিন্ন শাখা এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা উপস্থিত রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপাচার্যের কার্যালয় ভাঙচুর এবং উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার দুই দিন পরে এ বৈঠক হচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম উপস্থিত রয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজ অধিভুক্ত হওয়ার বিষয়ে কলেজগুলোর শাখা ছাত্রলীগ নেতাদের মনোভাব শোনেন আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের বক্তব্যও শোনেন তাঁরা। বৈঠক থেকে ছাত্রলীগকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হতে পারে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভূমিকা কী হতে পারে, তারও একটি নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনের ফটক ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে উপাচার্যকে ‘উদ্ধার’ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন।

রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে ছাত্রলীগ নেতারা ছাত্রদের হুমকি-ধমকি ও ছাত্রীদের ওপর নিপীড়ন করে আন্দোলন নস্যাৎ করে দেন। এর প্রতিবাদে নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ১৭ জানুয়ারি প্রক্টর কার্যালয়ের ফটক ভেঙে প্রক্টরকে অবরুদ্ধ করেন। পরদিন অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে টানা আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ