টাঙ্গাইলে ঘাটাইলে জমির বিপুল পরিমান জাল দলিল, খতিয়ান, পরচা, জমি ক্রয়-বিক্রয়ের অন্যান্য নথি ও ম্যাজিস্ট্রেট, ভূমি অফিস, সরকারী বিভিন্ন কর্মকর্তার জাল কম্পিউটার সিলসহ দুইজনকে আটক করেছে র্যাব-১২।
আটককৃতরা হলো- ওই গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে আকবর হোসেন (৪৫) ও আব্দুর বারেকের ছেলে রিপন মিয়া (১৬)। রোববার ভোরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা পরিচয় দিয়ে তফসিল অফিস, ভূমি অফিসের সমস্ত কাজ তাদের নিজের বাড়িতে করে আসছিলো। ভূমি সংশ্লিষ্ট এই কাজগুলোয় প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে দেয়ার নিয়ম থাকলেও, আটককৃতরা নিজ বাড়িতে বসে এই কাজগুলো করে ফৌজদারি আইনে অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে।






















